আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার প্রকাশিত এক বিবৃতিতে গত ২৪ ঘন্টায় ৪১ জন তালেবান জঙ্গী নিহত এবং অপর ৯ জন গ্রেফতার হওয়ার তথ্য প্রকাশ করে জানিয়েছে যে, আফগানিস্তানের নাঙ্গারহার, পারওয়ান, গজনী ও হোলমান্দ প্রদেশের বিভিন্ন অঞ্চলে আফগান ও বিদেশী সৈন্যদের যৌথ অভিযান চালিয়েছে। এ সকল অভিযানে তালেবান জঙ্গীরা নিহত বা গ্রেফতার হয়েছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, এ সকল সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গী আহত এবং বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এদিকে আফগান সামরিক বাহিনীর কর্মকর্তা নাস্তুহ নাসেরী জানিয়েছেন ফাররাহ প্রদেশের বালাবুলুক জেলাতে ১০ তালেবান জঙ্গী নিহত এবং ২৩ জন আহত হয়েছে।
নাসেরীর ভাষ্যমতে তিনদিন ব্যাপী চলা এ সংঘর্ষে প্রসিদ্ধ তালেবান নেতা মোল্লা কামাল ও মোল্লা উসমানও নিহত হয়েছেন।
উল্লেখ্য, ১১ বছর পূর্বে বিদ্রোহী ও জঙ্গী দলগুলো দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তানে সৈন্য মোতায়েন করলেও দেশটির পরিবেশ এখনো অস্থিতিশীল এবং তালেবানসহ সশস্ত্র হামলাকারীদের হামলা থেকে এখনো নিরাপদ নয় দেশটির জনগণ।